এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুরে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত খোরশেদ আলম (৩৮) মারা গেছেন। ঢাকায় উন্নত চিকিৎসাধীন অবস্থায় রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
গত ৫ নভেম্বর সকাল ১১টার দিকে উপজেলার মাদলা হাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহতের বাবা মো. আনসার আলী (৭০) এ ঘটনায় শাজাহানপুর থানায় আটজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নিহত খোরশেদ আলম বগুড়া সিটি করপোরেশনের বর্ধিত ২১ নম্বর ওয়ার্ডের মাদলা পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. আনসার আলী, পিতা মৃত সরবতুল্লা ও মাতা মৃত হাজেরা খাতুন।
লিখিত অভিযোগে অভিযুক্তরা হলেন—মো. মাহফুজার (৪৬), পিতা মোহাম্মদ আলী; মো. জাফর (২৫) ও মো. জাহিদুল (২৪), উভয়ের পিতা মো. মাহফুজার। তাঁদের বাড়ি মাদলা দক্ষিণপাড়ায়। এ ছাড়া মো. বেলাল (৭০), পিতা মৃত রসুল; মো. সেহজাদ (৪৫), মো. সুমন (৪০) ও মো. ফজল (৪০), তাঁদের পিতা মো. বেলাল এবং মো. কিমন (২৩), পিতা মো. সেহজাদ। তাঁদের বাড়ি মাদলা পূর্বপাড়ায়। অভিযুক্ত সবাই বগুড়া সিটি করপোরেশনের বর্ধিত ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
অভিযোগে বলা হয়, জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। ঘটনার দিন খোরশেদ আলম মাদলা হাট থেকে বাজার করে বাড়ি ফেরার পথে মতির ইলেকট্রিক দোকানের সামনে পৌঁছালে অভিযুক্তরা তাঁর পথরোধ করেন। একপর্যায়ে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে খোরশেদ আলমের মাথা, বুক, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তাঁর কাছে থাকা নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
এদিকে, হামলার ঘটনার পর অভিযুক্তদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হামলা এবং পরবর্তী পাল্টাপাল্টি ঘটনার কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, এ ঘটনায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এলাকাবাসীর মধ্যে বিরাজমান উত্তেজনা প্রশমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রতিবেদকের নাম 





