Khaborer Patrika
ঢাকাসোমবার, আগস্ট ২৪, ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডা. লিটনের প্রচেষ্টায় ভায়া মেডিকেল ক্যাম্প

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ২৪, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ভায়া মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটনের প্রচেষ্টায় প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলার ভরতেঁতুলিয়া কমিউনিটি ক্লিনিক সেন্টারে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে স্থানীয় নারী ও সাধারণ রোগীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।ক্যাম্পে জরায়ুমুখের ক্যান্সার শনাক্তকরণে (VIA) ৫১ জন নারীর পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত ৭৬ জন রোগীকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন বলেন, স্বাস্থ্যসেবা শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সীমাবদ্ধ রাখলে হবে না, মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার মানুষ অনেক সময় দূরত্ব, সময় ও আর্থিক সীমাবদ্ধতার কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। তাই কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন পর্যায়ে এ ধরনের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আমরা মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, নারীদের জরায়ুমুখ ক্যান্সার একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যঝুঁকি। সময়মতো পরীক্ষা ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব। তাই নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতার ওপর আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। নন্দীগ্রামের কোনো মানুষ যেন প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন এটাই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, একজন রোগীকে শুধু চিকিৎসা দেওয়াই আমাদের দায়িত্ব নয়, রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং মানুষের মধ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার অভ্যাস তৈরি করাও আমাদের দায়িত্ব। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এ ধরনের মেডিকেল ক্যাম্প আরও সম্প্রসারণ করা হবে।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে চিকিৎসাসেবা কার্যক্রমে অংশ নেন লাকী আকতার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার; সিনিয়র স্টাফ নার্স শৈব্যা গোস্বামী ও সাবিহা খাতুন, মিডওয়াইফ শারমিন আকতার সুপ্তি,স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) শাহনাজ পারভীন, সিএইচসিপি জান্নাতি খাতুনসহ স্বাস্থ্য সহকারী ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।

ক্যাম্পে অংশ নেওয়া নারীদের মধ্যে ভায়া পরীক্ষার সুযোগ পাওয়ায় সন্তোষ দেখা গেছে। একই সঙ্গে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসা ও পরামর্শ পাওয়ায় উপকৃত হয়েছেন।