বগুড়ার নন্দীগ্রামে গভীর রাতে ইটের দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত সোমবার দিবাগত রাতে নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ চেচুয়াপাড়া শ্রী সোয়ানা রবিদাসের বাড়িতে এ চুরির ঘটনাটি ঘটে।
ভুক্তভোগীর দেওয়া তথ্যমতে, গত রবিবার রাতের খাবার শেষ করে সকলেই ঘুমিয়ে পড়েন। সোমবার রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে কোনো একসময় অজ্ঞাত চোরেরা ইটের দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে। পরে তারা গোয়াল ঘরে থাকা প্রায় ৯০ হাজার টাকা মূল্যের ৮ মাস বয়সী একটি গাভী এবং প্রায় ৬০ হাজার টাকা মূল্যের একটি বকনা গরু নিয়ে বাড়ির দরজা খুলে পালানোর চেষ্টা করে।
চোরেরা যাওয়ার সময় একটি ছোট বকনা বাছুরও সঙ্গে নেওয়ার চেষ্টা করে। তবে কোনো একপর্যায়ে বাছুরটি রেখে দিয়ে বড় দুটি গরু নিয়ে পালিয়ে যায়। উক্ত চুরির ঘটনায় ওই ভুক্তভোগী কৃষকের প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গভীর রাতে সংঘটিত এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
চুরি যাওয়া গরু দুটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। নন্দীগ্রাম থানা পুলিশ জানায়, সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গরু গুলো উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।
