‘ধর্ষণ’ শব্দ নিয়ে বক্তব্যের জন্য ডিএমপি কমিশনারের দুঃখপ্রকাশ

‘ধর্ষণ’ শব্দ ব্যবহার না করা নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

সোমবার (১৭ মার্চ) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে বিবৃতি পাঠিয়ে তিনি দুঃখ প্রকাশ করেন।

বিবৃতিতে কমিশনার বলেন, ‘নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনাকালে ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করেছি। আমার বক্তব্যে কেউ মনঃক্ষুণ্ন হলে আমি দুঃখপ্রকাশ করছি।’

এর আগে গত শনিবার গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ‘হেল্প’ অ্যাপের উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। অনুষ্ঠানে কমিশনার বলেন, ‘আমি দুটো শব্দ খুব অপছন্দ করি। এর মধ্যে একটি হলো ‘ধর্ষণ’। আপনাদের কাছে অনুরোধ, এটা ব্যবহার করবেন না। আপনারা ‘নারী নির্যাতন’ বা ‘নিপীড়ন’ বলবেন। আমাদের আইনেও নারী ও শিশু নির্যাতন বলা হয়েছে। যে শব্দগুলো শুনতে খারাপ লাগে, সেগুলো আমরা না বলি।’

এদিকে ডিএমপি কমিশনারের এমন মন্তব্যের নিন্দা জানায় বিভিন্ন পক্ষ। গত রবিবার ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করুন, এখনই!’ শীর্ষক মানববন্ধনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান অভিযোগ করে বলেন, “ডিএমপি কমিশনারের ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে বাস্তবে তিনি ধর্ষকের পক্ষ নিচ্ছেন।”

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় এক বিবৃতিতে জানায়, ধর্ষণ শব্দটি পরিহার নিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর করা মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়। ৮ বছর বা ৮০ বছর বয়সী, যার সঙ্গেই হোক না কেন- ‘ধর্ষণ’ ধর্ষণই। এমন জঘন্য অপরাধকে অবশ্যই যথাযথভাবে উল্লেখ করতে হবে। বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না অন্তর্বর্তী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *