গাইবান্ধার রাম মন্দির নির্মাণকারী হরিদাস চন্দ্র গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ীর আলোচিত হরিদাস চন্দ্র তরনী দাসকে মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান।

এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার সিআইডি’র একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, ঢাকা থেকে আসা সিআইডির বিশেষ দলটি রোববার রাতে অভিযান চালিয়ে হরিদাসকে নিজেদের হেফাজতে নেয়। ঢাকার উত্তরার পশ্চিশ থানায় তার বিরুদ্ধে একটি মানিলন্ডারিং মামলা রয়েছে। সেই মামলায় পলাশবাড়ী পুলিশের সহযোগিতায় রাতেই তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায় সিআইডি পুলিশ। হরিদাস চন্দ্র তরনী দাস এলাকায় দীর্ঘ দিন ধরে নানা কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন। ধর্মকে পুঁজি করে প্রতিনিয়ত তিনি প্রতারণা করে আসছেন।

এর আগেও ২০২২ সালে ৮ নভেম্বর বিভিন্ন অফিসার, মন্ত্রীর ভুয়া পরিচয়ে বদলি বাণিজ্য, টেন্ডারবাজি ও প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাতের মামলায় র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

সেই মামলা থেকে জামিন নিয়ে তিনি পালিয়ে বেড়ান। ’২৪ এর গণঅভ্যুত্থানের পর দেশে ফিরে মূর্তি ও ধর্মের নামে নানা ধরনের প্রতারনা শুরু করেন। এর আগে তিনি ধর্ম পরিবর্তন করে তাওহীদ ইসলাম নাম রাখেন। সেই সময় সুমি ইসলাম নামে একজনকে বিয়ে করেন।

প্রসঙ্গত, গাইবান্ধায় ৮১ ফুট রাম মূর্তি নির্মাণকে কেন্দ্র করে সম্প্রতি নতুন করে আলোচনায় আসেন হরিদাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *