ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিউজ ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে এটা বাংলাদেশের দ্বিতীয় শিরোপা। এর আগে গত ২০১৭ সালে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০২৩ সালে লিগ পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টে রাশিয়ার পেছনে থেকে হয়েছিল রানার্স-আপ। তবে এবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কিশোরীরা।

রবিবার (১০ মার্চ) নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হয়। পরে পেনাল্টি শুট-আউট ৩-২ গোলে ভারতকে হারিয়ে জয় ছিনিয়ে আনে বাংলাদেশের নারীরা। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে শুরুতেই মিস করে বাংলাদেশ। মিস করেন আরও একজন। তবে কৃতিত্ব দিতে হবে বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগমকে। তিনি ভারতের তিন-তিনটি শট রুখে দেন এবং বাংলাদেশের ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন। নিশ্চিত করেন দলের দ্বিতীয় শিরোপা।

ফাইনালে এদিন ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায় ভারতের কিশোরীরা। এ সময় মাঝমাঠ থেকে সতীর্থের বাড়িয়ে দেওয়া বল নিয়ন্ত্রণে নেন আনুশকা কুমারী। তার সামনে ছিলেন কেবল বাংলাদেশের গোলরক্ষক। তাকে পরাস্ত করে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান আনুশকা। এটা ছিল এবারের আসরে তার পঞ্চম গোল। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ভারত।
বিরতির পর ৭০ মিনিটের মাথায় সমতা ফেরায় বাংলাদেশ। এ সময় কর্নার পেয়ে যায় সাইফুল বারী টিটুর শিষ্যরা। কর্নার থেকে থুইনুই মারমার বাড়িয়ে দেওয়া বলে পা লাগিয়ে জালে জড়ান মরিয়ম। তাতে ম্যাচে ফেরে সমতা।

এই সমতা নিয়ে শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায়। সেখানে উতরে যায় বাংলাদেশ। ভারতের কিশোরীদের কাঁদিয়ে শোকেসে তোলে বয়সভিত্তিক সাফের দ্বিতীয় শিরোপা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *