নন্দীগ্রামে শর্ট সার্কিটের আগুনে পুড়ল কৃষকের ঘর

বগুড়ার নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হলো কৃষকের ৪টি ঘর। এতে প্রায় এক থেকে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেন। মঙ্গলবার (১৭ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের বাংলাবাজার সরিষাবাদ গ্রামের আমিনুর ইসলামের বাড়িতে এ আগুন লাগে।

বাড়ির মালিক আমিনুর ইসলাম বলেন, ধান ভাঙানোর কাজে আমি ধান নিয়ে মিল ঘরে যাই। এর কিছুক্ষণ পর স্থানীয় লোকজন আমাকে আমার বাড়িতে আগুন লাগার খবর দেয়। খবর পেয়ে ছুটে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। স্থানীয় লোকজন সহ আগুন নিভানোর চেষ্টা করি দুটি ঘরের আগুন নিভাতে পারলেও আরো দুটি ঘর আগুনে পুড়ে যায় এতে আমার প্রায় দুই লক্ষ টাকারও বেশি ক্ষতি হয়েছে।  আমি অন্যের বাড়িতে দিনমজুরের কাজ করে সংসার চালাই অনেক কষ্ট করে বাড়ি নির্মাণ করেছিলাম এখন আমার সব শেষ হয়ে গেল। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির ভিতরে রাখা জ্বালানির জন্য খড়ি, কাট, বাঁশের ভেতর দিয়ে কারেন্টের তার দেওয়া ছিল সেখান থেকেই মূলত শর্ট সার্কিটের ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। নন্দীগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ কহির উদ্দিন দেওয়ান জানান, বেলা সাড়ে১২ টার দিকে আমরা আগুনের খবর পাই। তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *