Khaborer Patrika
ঢাকাTuesday, March 12th, 2024
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো ২টি বসতবাড়ি

প্রতিবেদক
বার্তা কক্ষ
March 12, 2024 12:25 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুই পরিবারের ২টি বসতবাড়ির আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে ওই দুই পরিবারের ১ লক্ষ ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

জানা যায়, ১১ই মার্চ সোমবার রাত্রি ৭:৫০ ঘটিকায় উপজেলার ওমরপুর হাঁটুয়া স্কুল পাড়া গ্রামের মৃত নারায়ণ চন্দ্রের ছেলে নিখিল চন্দ্র বর্মনের (৪৫) বসতবাড়ীর দো-চালা টিনের শয়ন কক্ষে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দুইটি ঘরে আগুন লাগে। উক্ত আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী মৃত সুরেন চন্দ্র বর্মনের ছেলে শ্রী মধু চন্দ্র বর্মনের (৫২) ঘরে ছড়িয়ে পড়ে। এতে উভয়ের ঘরে থাকা আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় জনতা নন্দীগ্রাম থানার ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে নিখিল চন্দ্র বর্মন এর আনুমানিক ৯০ হাজার টাকা এবং মধু চন্দ্র এর ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী নন্দীগ্রাম পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত জানান, রাস্তা না থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি আগুন লাগা বসতবাড়িতে সঠিক সময়ে প্রবেশ করে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে পারে নি। যদি রাস্তার সমস্যা না হতো তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভাতে পারতে। এতে আগুনে ক্ষতির পরিমাণ কম হতো।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নন্দীগ্রাম স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর তানভীর হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।