Khaborer Patrika
ঢাকাWednesday, February 11th, 2026
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে নিখোঁজের পরদিন মাঠ থেকে মানসিক প্রতিবন্ধির মরদেহ উদ্ধার

প্রতিবেদক
বার্তা কক্ষ
February 11, 2026 4:28 pm
Link Copied!

বগুড়ার নন্দীগ্রাম নিখোঁজের পরদিন বর্ষণ তিন মাথা এলাকার মাঠ থেকে রাশেদা বেগম (৩৮) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নন্দীগ্রাম-বিজরুল আঞ্চলিক সড়কের ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ তিন মাথা এলাকায় মাঠের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাশেদা বেগম উপজেলার ভাটরা ইউনিয়নের ভাগবজর উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের স্ত্রী। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে রাশেদা বেগম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সারাদিন ও সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

বুধবার সকালে স্থানীয় লোকজন বর্ষণ তিন মাথা এলাকায় মাঠের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বামী আব্দুল মালেক ও ছেলে আরিফুল ইসলাম জানান, রাশেদা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা তার মরদেহ শনাক্ত করেন।

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিচয় নিশ্চিত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।